আন্তর্জাতিক

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

April 26, 2026
2 hours ago
By SAJ
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে এ ঘটনা ঘটে।

এএফপির খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, তাঁরা ধারণা করছেন এগুলো গুলির শব্দ।

বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে, ট্রাম্প নিরাপদে আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর চার থেকে ছয়টি বিকট শব্দ শুনতে পান। তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি।

ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।