বিনোদন

সব জল্পনার অবসান, ৭ কোটি টাকার আংটিতে বাগ্‌দান সারলেন আলোচিত জুটি

April 28, 2026
1 month ago
By SAJ
সব জল্পনার অবসান, ৭ কোটি টাকার আংটিতে বাগ্‌দান সারলেন আলোচিত জুটি

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটিশ গায়ক–অভিনেতা হ্যারি স্টাইলস ও অভিনেত্রী জো ক্রাভিটজ বাগ্‌দান সেরেছেন। দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে খবরটি না জানালেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে বাগ্‌দানের খবরটি প্রকাশ করেছে পিপল ডটকম। প্রায় আট মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি। ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। পরে লন্ডনেও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েন তাঁরা। ধীরে ধীরে সম্পর্কের খবর সামনে এলেও প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি কেউই।

সম্প্রতি লন্ডনে একসঙ্গে হাঁটার সময় জোর হাতে বড় হীরার আংটি নজরে আসে ভক্তদের। বিদায়ের আগে হ্যারির চুম্বন সেই জল্পনাকে আরও জোরালো করে। জানা গেছে, জোর বাবা, সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন হ্যারি।মার্কিন গণমাধ্যমের দাবি, জোর নতুন এনগেজমেন্ট রিংয়ের মূল্য ৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। এর আগে অভিনেতা চ্যানিং ট্যাটামের সঙ্গে বাগ্‌দানের সময়ও তাঁর আংটির দাম ছিল প্রায় ৫ লাখ ডলার।

জো ক্রাভিটজ ২০১৯ সালে অভিনেতা কার্ল গ্লুসম্যানকে বিয়ে করেছিলেন, তবে ২০২০ সালেই তাঁদের বিচ্ছেদ হয়। পরে চ্যানিং ট্যাটামের সঙ্গে সম্পর্কে জড়ান, এমনকি ২০২৩ সালে তাঁদের বাগ্‌দানও হয়। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। টেলিভিশন উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাক থেকে শুরু করে কেন্ডাল জেনার, ক্যামিল রো এবং পরিচালক অলিভিয়া ওয়াইল্ড—বহু সম্পর্কের খবর শোনা গেছে। তবে এবারই প্রথম তাঁর বাগ্‌দানের খবর সামনে এল।

বাগ্‌দানের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানিং ট্যাটাম ইনস্টাগ্রামে একটি রহস্যময় কবিতা শেয়ার করেন। সেখানে বিচ্ছেদ, ভাঙন আর মানসিক দ্বন্দ্বের কথা উঠে আসে, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা।