খেলা

বিশ্বকাপেই অভিষেক, প্রথম বলেই উইকেট, শের মাল্লার সঙ্গী কারা

February 8, 2026
2 months ago
By SAJ
বিশ্বকাপেই অভিষেক, প্রথম বলেই উইকেট, শের মাল্লার সঙ্গী কারা

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে তো বটেই, মুম্বাইয়ে আজ স্বীকৃত টি–টুয়েন্টিতেই অভিষেক হলো শের মাল্লার। নেপালের অফ স্পিনার অভিষেক রাঙালেন প্রথম বলেই উইকেট নিয়ে। মাত্র চতুর্থ বোলার হিসেবে বিশ্বকাপে আন্তর্জাতিক টি–টুয়েন্টি অভিষেকে প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী মাল্লা।    

ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে তাঁর হাতে বল তুলে দেন নেপাল অধিনায়ক রোহিত পৌডেল। তাঁর করা প্রথম বলটাকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন ফিল সল্ট। লিডিং এজ হয়ে বলটি শর্ট ফাইন লেগে সন্দীপ লামিচানের হাতে চলে যায়।

প্রথম বলে উইকেট পেয়েই ভারতের প্রজ্ঞান ওঝা, হংকংয়ের নাদিম আহমেদ ও স্বদেশি পরশ খাড়কার পাশে বসে যান শের মাল্লা।

ভারতীয় বাঁহাতি স্পিনার ওঝা ২০০৯ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানকে ফেরান প্রথম বলে। ২০১৪ সালে চট্টগ্রামে হংকং–নেপাল ম্যাচে দুবার এই ঘটনা দেখে আন্তর্জাতিক টি–টুয়েন্টি। নেপালের ইনিংসে হংকংয়ের বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ নিজের প্রথম বলেই তুলে নেন নেপালি ওপেনার সুবাস খাকুরেলকে। হংকং ইনিংসের প্রথম বলে পেস বোলিংয়ে ইরফান আহমেদকে তুলে নেন পরশ খাড়কা।

ওই ম্যাচে অভিষকে হয়েছিল নেপাল ও হংকংয়ের ২২ খেলোয়াড়েরই। দুই দেশই প্রথম আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলে ওই ম্যাচে।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টি অভিষেকে প্রথম বলেই উইকেট নেওয়া বোলার ২৮ জন। এঁদের মধ্যে অস্ট্রেলিয়ার মাইকেল কাসপ্রোভিচ ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ক্যারিয়ারের প্রথম ২ বলেই উইকেট পেয়েছিলেন।

অস্ট্রেলীয় পেসার কাসপ্রোভিচের কীর্তিটা ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে। নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিং করতে এসেই প্রথম ২ বলে স্টিভেন ফ্লেমিং ও ম্যাথু সিনক্লেয়ারকে আউট করেন কাসপ্রোভিচ।

কিউই পেসার ফার্গুসন ২০১৭ সালে নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে গড়েন এই কীর্তি। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই প্রথম ২ বলেই সাব্বির রহমান ও সৌম্য সরকারকে আউট করেন ফার্গুসন।  

ভারতের বিরাট কোহলির নামও আছে তালিকায়। ২০১১ সালে ওল্ডট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার এই সংস্করণে বল হাতে নিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান। প্রথম বলটা ছিল ওয়াইড। তবে সেই বলেই স্টাম্পিংয়ের শিকার হন কেভিন পিটারসেন। যার মানে কোনো বৈধ ডেলিভারির আগেই উইকেট পেয়েছিলেন কোহলি!